শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা রাজনৈতিক স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।
এ সময় শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছা রয়েছে কি না, সে বিষয়েও কথা বলেন আমিনুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছেন। এ লক্ষ্যে তার আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
এদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে এখন পর্যন্ত তাকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।