কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সফরসঙ্গীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা বিরতি দেন তিনি। পরে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
সফরসূচি অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অবসর সময়ে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।