রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, ককটেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
পুলিশের অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক এবং বিভিন্ন মাদকদ্রব্য ও আলামত জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।