বোয়িং ও এয়ারবাস থেকে ৩৫টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানবহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ রয়েছে মোট ১৯টি।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় বিমান সংস্থার বহর আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই মিশ্র বহর গড়ে তোলার লক্ষ্যে বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে বিমানের বহরে যুক্ত হবে। অন্যদিকে, এয়ারবাসের ১০টি উড়োজাহাজ ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।