কারামুক্তির পর সংবর্ধনায় আজহারুল ইসলাম: ‘আবার দেখা হবে’
১৪ বছরের কারাভোগ শেষে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম আজ বুধবার (২৮ মে) সকালে কারামুক্ত হয়েছেন। মুক্তির পর রাজধানীর শাহবাগে দলটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন।”
আজহারুল ইসলাম বলেন, “এখানে সড়ক আটকে সমাবেশের আয়োজন করা হয়েছে। জনগণের যেন কোনো ভোগান্তি না হয়। তাই আপাতত আর কথা বলছি না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে।”
সকাল ৯টা ৫ মিনিটে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এর একদিন আগে, মঙ্গলবার (২৭ মে), মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়ের করা মৃত্যুদণ্ডাদেশ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস দেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।