বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › পোশাকে প্রতিবাদের ভাষা, হ্যালোইন ঘিরে চীনে কড়াকড়ি

পোশাকে প্রতিবাদের ভাষা, হ্যালোইন ঘিরে চীনে কড়াকড়ি

favicon
ভোরের আলো ডেস্ক:
পোশাকে প্রতিবাদের ভাষা, হ্যালোইন ঘিরে চীনে কড়াকড়ি

চীনে হ্যালোইন উৎসব এখন আর শুধু আনন্দ-উদ্‌যাপনের উপলক্ষ নয়, বরং ভিন্নমত প্রকাশের একটি অনানুষ্ঠানিক মাধ্যমে পরিণত হয়েছে। বেকারত্ব, অর্থনৈতিক সংকট, শেয়ারবাজারের দরপতন ও সরকারি নীতি নিয়ে ব্যঙ্গ করতে প্রতীকী নানা পোশাকে উৎসবে অংশ নিচ্ছেন তরুণেরা। তাদের এমন কর্মকাণ্ড ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিভিন্ন শহরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, বসানো হয়েছে ব্যারিকেড। এমনকি হ্যালোইনের পোশাক পরার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর ডেইলি মিররের।


গত ৩১ অক্টোবর হ্যালোইন উদ্‌যাপনকে কেন্দ্র করে বেইজিং, সাংহাই ও হাংজুসহ চীনের বিভিন্ন শহরে এমন পরিস্থিতি দেখা যায়। কোথাও পুলিশি তৎপরতায় প্রকাশ্যে উৎসব উদ্‌যাপন বাধাগ্রস্ত হয়েছে, আবার কোথাও পোশাক পরা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।


দ্য এপক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের তরুণদের কাছে হ্যালোইন নিজেদের সামাজিক ও অর্থনৈতিক হতাশা প্রকাশের একটি সুযোগ হয়ে উঠেছে। প্রচলিত রাজনৈতিক স্লোগান কিংবা সরাসরি বিক্ষোভের পরিবর্তে পোশাক, ব্যঙ্গচিত্র ও হাস্যরসের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরছেন তারা। এ কারণেই উৎসবটি নিয়ে কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ছে।


সাংহাইয়ে হ্যালোইন উপলক্ষে চ্যাংলি রোড, ইউইউয়ান রোড ও সাউথ শানসি রোডে মানুষের ভিড় জমে। তবে এবার এসব এলাকায় ছিল বাড়তি পুলিশি নজরদারি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পুলিশের গাড়ি, ধাতব ব্যারিকেড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।


সাংহাইয়ের ফুসিং পার্ক কর্তৃপক্ষ ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আলোকসজ্জার সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে রাতের কিছু আয়োজন বন্ধ রাখে। সংবাদমাধ্যম দ্য পেপারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এপক টাইমস। তবে আগের বছরগুলোতে পার্কটি ও আশপাশের সড়ক হ্যালোইন উদ্‌যাপনের অন্যতম কেন্দ্র হওয়ায় সিদ্ধান্তটির সময় নিয়ে আলোচনা তৈরি হয়।


নাম প্রকাশ না করার শর্তে সাংহাইয়ের এক বাসিন্দা দ্য এপক টাইমসকে বলেন, শহরের কয়েকটি এলাকায় বিধিনিষেধ থাকলেও উৎসব পুরোপুরি বন্ধ হয়নি। তবে যেখানে মানুষের সমাগম হওয়ার আশঙ্কা ছিল, সেসব স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


বেইজিংয়ে পরিস্থিতি ছিল আরও কঠোর। চীনা কমিউনিস্ট পার্টির পঞ্চম প্লেনাম ২৯ অক্টোবর শেষ হওয়ার আগেই রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। বেইজিংভিত্তিক এক সাংবাদিক দ্য এপক টাইমসকে জানান, নিরাপত্তাব্যবস্থার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হ্যালোইন উদ্‌যাপন কার্যত বাধাগ্রস্ত হয়। দূতাবাস এলাকায় পুলিশ মোতায়েন ছিল এবং ১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বহাল ছিল।


ওই সাংবাদিকের অভিযোগ, রাস্তায় সাক্ষাৎকার নেওয়ার সময় রয়টার্সের এক সাংবাদিককেও পুলিশ বাধা দেয়। সম্ভাব্য সাক্ষাৎকারদাতাদের বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয় এবং ওই সাংবাদিককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।


হ্যালোইন ঘিরে বিধিনিষেধ শুধু রাস্তায় সীমাবদ্ধ ছিল না। বেইজিংয়ের দুটি নৈশ ক্লাবও উৎসবের আগে পোশাকের বিষয়ে নির্দেশনা দেয়।


৩০ অক্টোবর পিলবক্স নামের একটি ক্লাব গ্রাহকদের জানায়, হ্যালোইন-সংশ্লিষ্ট পোশাক, কসপ্লে, বিশেষ ধরনের মেকআপ, মুখোশ ও মাথা ঢাকার পোশাক পরে সেখানে প্রবেশ করা যাবে না। নিরাপত্তা ও কারিগরি ব্যবস্থাপনার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডাডা নামের আরেকটি ক্লাবও গ্রাহকদের হ্যালোইন-সংশ্লিষ্ট পোশাক পরে না আসার পরামর্শ দেয়।


হাংজুতে হ্যালোইন উদ্‌যাপনের সময় জাপানি সুপারহিরো চরিত্র আলট্রাম্যান টিগার পোশাক পরা এক ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিদ্রূপের সৃষ্টি হয়। কাল্পনিক একটি চরিত্রের পোশাক পরার কারণে কেন কাউকে পুলিশের মুখোমুখি হতে হবে, সেই প্রশ্ন তোলেন অনেকে।


হাংজুভিত্তিক এক ব্যক্তি দ্য এপক টাইমসকে জানান, একটি বিপণিবিতান ও আশপাশের সড়কে বিপুল মানুষের সমাগম হয়েছিল। সেখানে নিয়মিত পুলিশ ও বিশেষ পুলিশ ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়।


বেইজিংভিত্তিক ওই সাংবাদিকের ভাষ্য, গুয়ানইন নামে বৌদ্ধ ধর্মীয় চরিত্র এবং চীনা লোকবিশ্বাসের সম্পদের দেবতা চাইশেনের পোশাক পরা ব্যক্তিদেরও পুলিশ ফিরিয়ে দেয়। তবে এসব ঘটনার সব কটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এবারের হ্যালোইন উদ্‌যাপনে তরুণদের পোশাকে বিশেষভাবে উঠে এসেছে দেশটির অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা। বেকারত্ব, করপোরেট সংস্কৃতি, শেয়ারবাজারের দরপতন ও জীবনযাত্রার চাপ নিয়ে ব্যঙ্গাত্মক নানা সাজে হাজির হন তারা।


একজন অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ক্লদকে ঘিরে একটি ব্যঙ্গাত্মক সংলাপ ব্যবহার করেন। সেখানে প্রশ্ন করা হয়, ‘আপনি কি চীনা ব্যবহারকারী?’ উত্তরে বলা হয়, ‘হ্যাঁ।’ এরপর চ্যাটবটের পক্ষ থেকে বলা হয়, ‘দুঃখিত, আপনি এটি ব্যবহার করতে পারবেন না।’ চীনে বৈশ্বিক ডিজিটাল সেবা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধকে কেন্দ্র করেই এই ব্যঙ্গ করা হয়।


সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম লিয়ানহে জাওবাওয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাংজুতে একজন সাংহাই কম্পোজিট সূচকের পতনশীল গ্রাফের আদলে পোশাক পরেন। আরেকজন শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বারবার লোকসানের মুখে পড়ার অভিজ্ঞতা নিয়ে প্রচলিত একটি শব্দবন্ধ ব্যবহার করেন। শেনজেনেও শেয়ারবাজারের দরপতন ও বিনিয়োগকারীদের লোকসান নিয়ে ব্যঙ্গাত্মক পোশাক ও সরঞ্জাম ব্যবহার করা হয়।


বেইজিংভিত্তিক ওই সাংবাদিকের মতে, কর্মসংস্থান, করপোরেট সংস্কৃতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জমে থাকা হতাশা প্রকাশের সুযোগ হিসেবে তরুণেরা হ্যালোইনকে ব্যবহার করছেন। সরাসরি রাজনৈতিক স্লোগান না দিয়ে পোশাক ও হাস্যরসের মাধ্যমে নিজেদের অসন্তোষ তুলে ধরছেন তারা।


চীনে হ্যালোইন ঘিরে বর্তমান পরিস্থিতির সূত্রপাত ২০২৩ সালে। ওই বছরের অক্টোবরে সাংহাইয়ে হ্যালোইন উদ্‌যাপন তরুণদের জন্য মতপ্রকাশের অপ্রত্যাশিত একটি মাধ্যমে পরিণত হয়। সে সময় করোনার কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর তরুণেরা নানা ব্যঙ্গাত্মক পোশাকে রাস্তায় নামেন।


কেউ করোনাকালে বিধিনিষেধ বাস্তবায়নকারী কর্মীদের মতো সাদা সুরক্ষাবস্ত্র পরেন, কারও হাতে ছিল বড় আকারের করোনা পরীক্ষার কাঠি। কেউ নজরদারি ক্যামেরার সাজে হাজির হন। আবার কেউ শেয়ারবাজারের পতন ও তরুণদের বেকারত্ব নিয়ে ব্যঙ্গ করেন। কয়েকজনের হাতে ছিল ফাঁকা সাদা কাগজ, যা ২০২২ সালের নভেম্বরে করোনাবিধির বিরুদ্ধে আন্দোলনের স্মারক হিসেবে পরিচিত।


রেডিও ফ্রি এশিয়ার ২০২৩ সালের নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, হ্যালোইন উদ্‌যাপনের ছবি ও ভিডিও দেখে সাংহাই পুলিশ কয়েকজন তরুণকে আটক করে। তাদের মধ্যে কেউ করোনাকালীন বিধিনিষেধ বাস্তবায়নকারী কর্মী, আবার কেউ উইনি দ্য পুহ চরিত্রের পোশাক পরেছিলেন। চীনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তুলনার কারণে চরিত্রটির অনলাইন উপস্থাপনাও সেন্সর করা হয়ে থাকে।


২০২৪ সালেও হ্যালোইন উদ্‌যাপন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাংহাইয়ের কেন্দ্রীয় এলাকায় অন্তত ছয়জনকে পোশাক পরা অবস্থায় পুলিশের সঙ্গে যেতে দেখা যায়। তাদের একজন কঙ্কালের পোশাক পরেছিলেন। তিনি জানান, পুলিশ তাকে আটক করে মেকআপ তুলে ফেলতে নির্দেশ দিয়েছিল।


রেডিও ফ্রি এশিয়ার আরেক প্রতিবেদনে বলা হয়, বিধিনিষেধের মধ্যেও কয়েক ডজন মানুষ পোশাক পরে উৎসবে অংশ নেন। তাদের কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়। অন্যদের মেকআপ তুলে ফেলতে এবং ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য দিতে বলা হয়।


চীনা কর্তৃপক্ষ ২০২৬ সালের হ্যালোইন উদ্‌যাপন ঘিরে আরোপিত সব বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। বড় জনসমাগমের ক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও বারবার পুলিশ মোতায়েন, পোশাকের ওপর বিধিনিষেধ এবং অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ নতুন প্রশ্ন তৈরি করেছে।


সম্প্রতি উহানে হ্যালোইন উদ্‌যাপনকারীদের হাতে একটি ভাড়ায় চালিত গাড়ির চালক আটকে পড়া ও হয়রানির শিকার হওয়ার খবরও পাওয়া গেছে। পরে উহান পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়েছে এবং তিনজনকে সতর্ক করা হয়েছে।


সব মিলিয়ে, সাম্প্রতিক বছরগুলোর ঘটনাপ্রবাহ বলছে, চীনের তরুণদের কাছে হ্যালোইন এখন শুধু আনন্দ-উৎসব নয়; বরং অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও সরকারি নীতি নিয়ে পরোক্ষভাবে মতপ্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছে। একটি পোশাক, ব্যঙ্গাত্মক সংলাপ কিংবা শেয়ারবাজারের পতনের গ্রাফের মধ্য দিয়ে তারা নিজেদের অভিজ্ঞতা ও অসন্তোষ তুলে ধরছেন।