কারাগারে আর বেঁচে ফিরতে পারবেন কি না, শঙ্কায় ইমরান খান
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে আবেদন জানিয়েছেন। কারাগারে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।
দেশটির প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে ইমরান খান বলেন, ৭৪ বছর বয়সে রাষ্ট্রের নিরবচ্ছিন্ন নির্যাতন তাঁকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না।
সোমবার (১৬ নভেম্বর) ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। এতে বলা হয়, গত ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাক্ষাতের সময় ইমরান খান তাঁকে চিঠিটি বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে এটি লেখা হয়েছে।
চিঠিতে নিজের ও স্ত্রীর চিকিৎসার সুযোগ চেয়ে ইমরান খান বলেন, যারা চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না, তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দিতে তিনি জীবনের বড় একটি সময় হাসপাতাল প্রতিষ্ঠায় ব্যয় করেছেন। অথচ এখন নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে আবেদন জানাতে হচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং ক্রিকেট মাঠ, সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ এবং পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করার অভিজ্ঞতা থেকেই তিনি এই আবেদন জানাচ্ছেন।
১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের দাবি, ৭০ বছর বয়স পার হওয়ার পর থেকে তিনি নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে, আদালতে শতাধিকবার হাজির হতে হয়েছে এবং তাঁকে হত্যাচেষ্টারও শিকার হতে হয়েছে। তবে প্রতিটি মামলায় তিনি আইনি পথেই লড়াই চালিয়ে গেছেন বলে চিঠিতে উল্লেখ করেন।
**২২ ঘণ্টা নির্জন কারাবাসের অভিযোগ**
চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, তোশাখানা-২ মামলার রায়ের পর থেকে বাইরের দুনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সৌদি আরব সফরের সময় উপহার পাওয়া একটি বুলগারি গয়নার সেট কেনার ঘটনায় ওই মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ইমরানের দাবি, তাঁকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। বই ও টেলিভিশন ব্যবহারের সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত রাখা হয়েছে।
তিনি জানান, সুপ্রিম কোর্টের নিয়োগ করা আইনজীবী সালমান সাফদার গত ১০ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে সাক্ষাতের পর জানতে পারেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ এ বিষয়ে পরিবার ও আইনজীবীদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
দীর্ঘদিন একাকী বন্দি থাকার কারণে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন ইমরান খান। তাঁর চিঠিতে বলা হয়েছে, কারাগারের মেডিকেল বোর্ডও তাঁর উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করেছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি যোগাযোগের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল বোর্ড।