দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে দেশটির দুটি এলাকায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
পুলিশের তথ্য অনুযায়ী, পিটারমারিৎসবার্গ শহরের কাছে একটি হামলায় আটজন এবং রাজধানী প্রিটোরিয়ার নিকটবর্তী এলাকায় আরেকটি ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়জন।
রোববার রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় গুলিবিদ্ধ একটি গাড়ির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবাই পুরুষ।
এর কয়েক ঘণ্টা পর প্রিটোরিয়ার কাছে জেফসভিলের একটি অনানুষ্ঠানিক বসতিতে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে একটি ঘরের ভেতর থেকে ছয় পুরুষ ও তিন নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দেশটির জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, প্রায় ৫৩০ কিলোমিটার দূরত্বে সংঘটিত এই দুই হামলার পেছনের কারণ এখনো উদ্ঘাটন করতে পারেননি তদন্তকারীরা।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় ধারাবাহিকভাবে এ ধরনের গণগুলির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে কিংবা তাদের স্বাভাবিক জীবনযাপন নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।