বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

favicon
ভোরের আলো ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। খবর রয়টার্সের।


আইআরজিসির দাবি, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা সামনে এলো। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।


উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।


এদিকে, ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। এর আগে দেশটির কর্তৃপক্ষ একটি অনির্দিষ্ট নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছিল।


এর আগে রোববারও বাহরাইন জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে।


অন্যদিকে, তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল।


তবে হামলার বিষয়ে আইআরজিসির দাবি এবং বাহরাইনের প্রতিরোধের বক্তব্যের বাইরে স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।