ইরান সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে না: জেডি ভ্যান্স
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত কোনোভাবেই দীর্ঘমেয়াদি কিংবা ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হবে না বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ইরানে দীর্ঘ সময় ধরে সামরিক উপস্থিতি বজায় রাখার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। খবর আল-জাজিরার।
সোমবার (১৬ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স।
সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য একটি হুমকি। তবে এ সংঘাতকে ১০ কিংবা ১৫ বছরব্যাপী কোনো সামরিক প্রতিশ্রুতিতে পরিণত হতে দেওয়া হবে না। এমনকি যুদ্ধ দুই বছর ধরে চলার সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেন তিনি।
ভ্যান্স আরও বলেন, ইরানে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল অবস্থান করবে না। দীর্ঘ সময় সেখানে থাকার কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। বরং প্রেসিডেন্ট এ পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রকে ইতিবাচক ফলাফল নিয়ে বের করে আনবেন বলে তিনি আত্মবিশ্বাসী।
এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।