আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে সরকারের পরিকল্পনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের উপযোগী হওয়ার পাশাপাশি উদ্ভাবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবনী উদ্যোগ হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই সময়। নতুন প্রজন্মকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।