পুতিনের সহযোগীর হাতে পারমাণবিক কোডের ব্রিফকেস, দাবি রুশ গণমাধ্যমের
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগীর হাতে থাকা বিশেষ ব্রিফকেস নজর কেড়েছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই ব্রিফকেসে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড রয়েছে।
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের আগে ব্রিফকেসটির প্রকাশ্য উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্মেলন ও ত্রিপক্ষীয় বৈঠকের আগে রাশিয়া তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতার বিষয়ে আরও কয়েকটি ইঙ্গিত দিয়েছে। এ সপ্তাহের শুরুতে জাপান দাবি করে, দুটি সন্দেহভাজন রুশ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। একই সময়ে তাইওয়ান জানায়, দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।
তাইওয়ানের কাছাকাছি ওই ঘটনার কয়েক ঘণ্টা পর স্যাটেলাইট চিত্রে ভিয়েতনামের দা নাং বিমানবন্দরে দুটি রুশ টিইউ-৯৫ ‘বেয়ার’ কৌশলগত বোমারু বিমান দেখা যায়। বিমান দুটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এগুলোর সঙ্গে দুটি রুশ আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানও ছিল। সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে দূরে এ অঞ্চলে রাশিয়ার এমন উপস্থিতিকে বিরল শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে পুতিনের।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে প্রত্যাশিত দ্রুত সাফল্য না পাওয়ায় রুশ সেনাবাহিনীর সীমাবদ্ধতা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি দেশটির অর্থনীতিও চাপে রয়েছে। ফলে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পুতিন তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছেন।
এমন পরিস্থিতিতে কথিত পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতি, আকাশে সামরিক তৎপরতা এবং ঘনিষ্ঠ মিত্র ভিয়েতনামে রুশ সামরিক বিমানের অবস্থানকে রাশিয়ার শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।