টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।