বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আপিলের শুনানি শুরু

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আপিলের শুনানি শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আপিলের শুনানি শুরু

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।


প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করছেন।


দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন হাইকোর্ট।


হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ১৬টি ফৌজদারি আবেদন একসঙ্গে শুনানির জন্য উপস্থাপন করা হবে।


আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য গত ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। তবে সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে বুধবার আপিল বিভাগে মামলাটির শুনানি শুরু হয়।