বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

favicon
ভোরের আলো ডেস্ক:
জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


এ সময় কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত হবেন জিয়াউল আহসান। পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদেরও ট্রাইব্যুনালে উপস্থিত থাকার কথা রয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনে জলদস্যু দমনের নামে কথিত অভিযান পরিচালনার নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান।


এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অপরাধের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আজ সমাপনী যুক্তিতর্কের মধ্য দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন শেষ হওয়ার কথা রয়েছে।