বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে
সিলেট থেকে আটক সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পরবর্তী সময়ে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের একটি হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।