নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ, পুড়ল আসবাবপত্র
নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। তিনি মোবাইল ফোনে জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন।
ফাহিম বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা ঘটিয়েছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে তিনি রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা দাবি করেছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।