রক্ত দিয়ে তাড়ানো ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: জামায়াত আমির
রক্তের বিনিময়ে দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদ আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বার্থের বিনিময়ে একটি পক্ষ ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস লিডিং টুমরো’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের যেকোনো সরকারি চেষ্টা বিরোধী দল শক্ত হাতে প্রতিহত করবে।
তিনি আরও বলেন, স্বার্থের বিনিময়ে একটি পক্ষ ফ্যাসিস্টদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। তবে যারা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, তারা আর কোনোভাবেই এর পুনরুত্থান হতে দেবে না।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু, জাকসু, রাকসুসহ পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় তরুণ নেতৃত্ব, ছাত্রসমাজের প্রত্যাশা এবং দেশের ভবিষ্যৎ রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।