আজ শুরু হচ্ছে কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা মামলার বিচার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। রোববার (২৯ নভেম্বর) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের হাজির করা হবে।
তবে মামলার দুই প্রাপ্তবয়স্ক ও দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে পৃথক আদালতে।
এর আগে গত ২১ নভেম্বর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক বিচারিক কার্যক্রম শুরুর তারিখ নিশ্চিত করেন। তিনি জানান, আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।
পিপি বলেন, ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে আসামিদের কেউ আদালতে উপস্থিত না হলে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারক।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি এখন বিচারিক পর্যায়ে যাচ্ছে।