শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি
জুলাই-আগস্ট মাসে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এ মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গ্রেফতার থাকায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৬ জুন।
এই মামলার বিচার কার্যক্রম দেশের ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে, ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেয় চিফ প্রসিকিউটরের কাছে। প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র ও সাধারণ জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে তৎকালীন সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এতে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ। এসব ঘটনার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম।