বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিনিহত ছাত্রদল নেতা সাম্যের ভাই সাগর এনসিপিতে যোগ দিলেন

নিহত ছাত্রদল নেতা সাম্যের ভাই সাগর এনসিপিতে যোগ দিলেন

favicon
ভোরের আলো ডেস্ক:
নিহত ছাত্রদল নেতা সাম্যের ভাই সাগর এনসিপিতে যোগ দিলেন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। সদ্য ঘোষিত এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন আমিরুল ইসলাম সাগর। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেওয়ার পর দল থেকে বহিষ্কৃত হন। প্রায় দুই বছর পর, ২০১৯ সালের ১৭ এপ্রিল, ছাত্রদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে পুনরায় অন্তর্ভুক্ত করে।

গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার মৃত্যুর পর থেকে বিচার দাবিতে ছাত্রদলের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে।

এনসিপিতে যোগদানের বিষয়ে সর্দার আমিরুল ইসলাম সাগর বলেন, “২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর আর কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হইনি। তবে আমি এখনো জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি—এটা আমাদের পারিবারিক আদর্শ। আমার বাবা ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা। বর্তমান রাজনীতির ধারার বাইরে গিয়ে একটি নতুন জাতীয়তাবাদী উদ্যোগের অংশ হিসেবেই এনসিপিতে যুক্ত হয়েছি।”

সাগর ও নিহত সাম্য উভয়েই ছাত্র-জনতার অভ্যুত্থান, শাহবাগ অবরোধসহ সাম্প্রতিক আন্দোলনগুলোতে সক্রিয় ভূমিকা রাখেন। এনসিপিতে তার যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।