বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিনির্বাচন ইস্যুতে মিত্রদের নিয়ে মাঠে নামছে বিএনপি, চাপ বাড়াতে নরম কর্মসূচি

নির্বাচন ইস্যুতে মিত্রদের নিয়ে মাঠে নামছে বিএনপি, চাপ বাড়াতে নরম কর্মসূচি

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন ইস্যুতে মিত্রদের নিয়ে মাঠে নামছে বিএনপি, চাপ বাড়াতে নরম কর্মসূচি

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না বিএনপি। তবে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না থাকায় সরকারের উদ্দেশ্য নিয়ে দলে উদ্বেগ বাড়ছে। এ প্রেক্ষাপটে রাজনৈতিক মিত্রদের সঙ্গে নিয়ে নির্বাচনি ঐকমত্য গড়তে উদ্যোগ নিচ্ছে দলটি।

বিএনপির কৌশল অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আদায়ে দৃশ্যমান চাপ সৃষ্টি করতে চায় দলটি। তবে সেটি হবে শান্তিপূর্ণ ও নরম কর্মসূচির মাধ্যমে।

এই লক্ষ্যকে সামনে রেখে ঈদুল আজহার পর রাজধানীতে একটি সর্বদলীয় সেমিনার বা কনভেনশনের আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিএনপি। যেখানে দলটির রাজনৈতিক মিত্রদের নিয়ে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তি তৈরির চেষ্টা করা হবে।

মঙ্গলবার (৪ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে সংস্কার ইস্যুতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের বিষয়বস্তু উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে বিএনপি নেতারা জানান, সরকারের সঙ্গে এখন পর্যন্ত যেসব আলোচনা হয়েছে, সেখানে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বা কাঠামো নিয়ে কোনো সদুত্তর মেলেনি। ফলে সরকারকে চাপে রাখতে আরও সমন্বিত ও পরিকল্পিত কর্মসূচির প্রয়োজন আছে।

সূত্র জানায়, বৈঠকে নেতাদের অভিমত ছিল, এই সরকারের অধীনেই অন্তর্বর্তী সমাধানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাই সরকারের সঙ্গে এখনই প্রকাশ্য দ্বন্দ্বে না গিয়ে চাপের কৌশল অব্যাহত রাখতে হবে।

বিএনপি মনে করছে, নির্বাচনী সমাধানের পথ সুগম করতে রাজনৈতিক ঐকমত্য ও জনমত গড়ে তোলাই এখন প্রধান কৌশল।