কারাগারে প্রতিদ্বন্দ্বী নয়, ফুটবল সতীর্থ ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী
এক সময়ের প্রতিদ্বন্দ্বী হলেও এখন কাশিমপুর কারাগার পার্ট-২–এ একসঙ্গে সময় কাটছে ব্যারিস্টার সুমন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর। নিয়মিতই দুজনে কারাগারের ভেতর ফুটবল খেলেন—হয় কখনো এক দলে, কখনো প্রতিপক্ষ হয়ে।
কারাসূত্র জানায়, প্রতিদিন আসরের নামাজের পর বন্দিদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলা হয়। এই খেলায় অংশ নেন সুমন ও মুর্শেদী। তবে আরেকটি সূত্র বলছে, খেলায় মাঝেমধ্যে প্রতিযোগিতা একটু বেশিই জমে ওঠে। মাঠে দেখা দেয় ধাক্কাধাক্কি, ফাউলের ঘটনাও ঘটে।
সম্প্রতি এক ম্যাচে সালাম মুর্শেদী ব্যারিস্টার সুমনের পায়ে ফাউল করলে, রসিকতা করে সুমন বলেন, “বুড়া বয়সের পা নিয়ে সাবধানে ফাউল কইরেন, না হলে হাড় ভেঙে যাবে।” উপস্থিত বন্দিদের মধ্যে তখন হাস্যরসের পরিবেশ তৈরি হয়।
উল্লেখ্য, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও এখনও কোনো মামলায় জামিন মেলেনি।
দুজনই বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এ বন্দি রয়েছেন। ফুটবলের মাধ্যমে কাটছে তাদের বন্দিজীবনের একঘেয়েমি সময়।