শেখ হাসিনা ও কামালকে খুঁজে পায়নি পুলিশ, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ। এ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের নাম উল্লেখ করে জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৬ জুন) মামলার নির্ধারিত শুনানির দিনে তিন আসামির মধ্যে কেবল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত হন। অন্য দুইজন পলাতক থাকায় তারা হাজির হতে পারেননি।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে জানান, পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়েও কাউকে পায়নি। এমনকি তাদের ভারতে পালিয়ে থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে পুলিশের প্রতিবেদনে।
এই প্রেক্ষাপটে ট্রাইব্যুনাল আদেশ দেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির করতে দৈনিক দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৪ জুন।
এর আগে গত ১ জুন, তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২X সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের সময় সারা দেশে অন্তত ১৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে প্রধান পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।
প্রসিকিউশন আরও জানায়, শেখ হাসিনার নির্দেশ ও উসকানিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তার নির্দেশেই মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।