গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে সারাহ কুকের সঙ্গে কথা বলেছে বিএনপি
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক, আসন্ন নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন খান বলেন, “সারাহ কুকের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক অবস্থা, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, এমনকি মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়েও আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশের মানুষকে যদি বলা হয়, তুমি পোলাও কোরমা চাও, নাকি ভোট দিতে চাও—তখন মানুষ বলবে, আমি ভোট দিতে চাই। কারণ ভোট তাদের রক্তের সঙ্গে মিশে আছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়।”
নির্বাচন নিয়ে আলোচনার প্রসঙ্গে মঈন খান বলেন, “নতুন প্রজন্ম যারা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি, তারা এখন ভোটের অধিকার ফিরে পেতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধার হলে যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “১৩ জুনের পর থেকে দেশে এক ধরনের গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে। মানুষ গণতন্ত্র ফিরে আসার আশা দেখছে। গণতন্ত্রের জন্যই তো ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এখন আমাদের দরকার শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়া, যেন মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে।”
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে তিনি বলেন, “এই অস্থিরতা গাজা থেকে শুরু হয়ে ইরান-ইসরায়েল সংঘাতে রূপ নিয়েছে। আমরা শান্তিময় বিশ্ব চাই। সংঘাত নয়, স্থিতিশীলতাই হোক আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি।