দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদী ও সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এতে বায়ুচাপের তারতম্যের আধিক্য এবং বজ্রমেঘ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
এছাড়া, উত্তাল সাগর পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে দেশের বিভিন্ন নদীবন্দর সংলগ্ন অঞ্চলের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।