নেইমারকে ক্লাব বিশ্বকাপের প্রস্তাব দিয়েছিল ফ্লুমিনেন্স, ফিরিয়ে দিলেন সুপারস্টার
নেইমারের সাবেক ক্লাব আল হিলাল যখন ক্লাব বিশ্বকাপে খেলছে, ঠিক তখনই ইনজুরির সঙ্গে লড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নিজ দেশের শৈশবের ক্লাব সান্তোসে থেকে। ৩৩ বছর বয়সী এই তারকা আগামী বছর ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে নিজেকে ফিট করে তুলতে চান। আর এই সময়েই একটি বড় চমকপ্রদ তথ্য সামনে এসেছে—ক্লাব বিশ্বকাপে খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন নেইমার।
নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি ক্লাব অংশ নিচ্ছে—পালমেইরাস, ফ্লুমিনেন্স, বোতাফাগো এবং ফ্লামেঙ্গো। এই চার দলের মধ্যে ফ্লুমিনেন্স চেয়েছিল নেইমারকে তাদের হয়ে খেলাতে। ক্লাবটির প্রেসিডেন্ট মারিও বিটেনকুর সিতর সোল পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলার জন্য তারা নেইমারকে দলে নিতে আগ্রহী ছিলেন।
ফ্লুমিনেন্স নেইমারের কাছে প্রস্তাব দেওয়ার আগে ক্লাবের ম্যানেজার ও নেইমারের বন্ধু রেনাতো গাউচোর সম্মতি নেয় এবং স্বচ্ছতা বজায় রাখতে সান্তোস ক্লাবের সভাপতির কাছ থেকেও অনুমতি নেয়।
নেইমারের বাবা এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও নেইমার নিজেই তা প্রত্যাখ্যান করেন। কারণ, তিনি এই সময়টিকে সম্পূর্ণভাবে নিজের ফিটনেস পুনরুদ্ধারে কাজে লাগাতে চান।
বর্তমানে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে ৩০ জুন পর্যন্ত। এরপর তার ভবিষ্যৎ ক্লাব ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।