বিশ্বরেকর্ড এখন মুশফিকের দখলে: গিলক্রিস্টকে পেছনে ফেলে নতুন ইতিহাস
ক্যারিয়ার প্রায় শেষদিকে, এখন সব ইনিংসই আমার কাছে স্পেশাল”—মুশফিকুর রহিমের এই আবেগময় কথা গতকাল সংবাদ সম্মেলনে উঠে এসেছিল। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে প্রতিটি ইনিংস যেমন আবেগের ছোঁয়া পায়, তেমনি কিছু ইনিংস থেকে যায় রেকর্ডবুকেও। এবার তেমনই এক স্মরণীয় ইনিংসে মুশফিক ছুঁয়ে ফেললেন এক অনন্য উচ্চতা—ছিনিয়ে নিলেন অ্যাডাম গিলক্রিস্টের বিশ্বরেকর্ড।
গিলক্রিস্ট তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে করেছিলেন ১৫,৪৬১ রান। কোনো বল না করেই এত রান—এটাই ছিল রেকর্ড। আজ মুশফিক তাকে ছাড়িয়ে গেলেন। গলের মাঠে স্কয়ার কাট করে একটি রান নেওয়ার পর তার সম্মিলিত রান দাঁড়ায় ১৫,৪৬২। সেই সঙ্গে গিলক্রিস্টকে ছাড়িয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন, যাঁরা জীবনে একটিও বল করেননি।
এই রেকর্ডের তাৎপর্য ব্যাটিং পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। মুশফিক আর গিলক্রিস্ট—দুজনই উইকেটকিপার-ব্যাটার, এবং দুজনের কেউই ক্যারিয়ারে কখনো বোলিং করেননি। এই দিক থেকে, ‘নন-বোলার’ ব্যাটারদের মধ্যে মুশফিক এখন সবার ওপরে।
তবে এখানেই থেমে থাকেননি তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আরও ২৯ রান যোগ করে ১৪১ রানে অপরাজিত থাকেন। গলের ব্যাটিং স্বর্গে দাঁড়িয়ে থাকা এই ‘ধৈর্যের প্রতিমূর্তি’ এখন তাকিয়ে রয়েছেন আরও বড় রানের দিকে। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা এই ব্যাটার যেন তার প্রত্যাবর্তনের গল্প লিখছেন নতুন করে, গর্বের অক্ষরে।