বিপিএলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম। তিনি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কার্যালয়ে বিকালে এ সভা বসে, যেখানে জাতীয় দল বিদেশে থাকায় কয়েকজন অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আরও তিনজনকে উপদেষ্টা কমিটিতে যুক্ত করেন। হসপিটালিটি বিশেষজ্ঞ মো. শাকাওয়াত হোসেন হয়েছেন ‘ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা’, স্পোর্টস মিডিয়া বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি হয়েছেন ‘ক্রিকেট উপদেষ্টা’, এবং ব্যারিস্টার শাইখ মাহাদি পেয়েছেন ‘লিগ্যাল অ্যাডভাইজার’-এর দায়িত্ব।
বোর্ড সভায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি, মাঠ উন্নয়নসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া বিপিএলের গভর্নিং কাউন্সিল সদস্য সচিব হিসেবে নাজমুল আবেদিন ফাহিম এবং সদস্য ফাহিম সিনহা আগের পদেই বহাল থাকছেন।