মেসির জাদুকরী ফ্রি-কিকে ইন্টার মায়ামির ঐতিহাসিক জয়
খেলা ছিল সমতায়, আর মেসি-ম্যাজিকের অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো—ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসি। তার এই গোলেই ২-১ ব্যবধানে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।
ক্লাব বিশ্বকাপে এই জয় এমএলএস ক্লাবটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে এটিই মায়ামির প্রথম জয়।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে এগিয়ে দেন স্যামু আগেহো। তবে প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। মেসির চমৎকার থ্রু পাসে ওয়ান-অন-ওয়ান হয়ে গেলেও গোল করতে ব্যর্থ হন লুইস সুয়ারেজ। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মার্কিন ক্লাবটি।
বিরতির পর মাঠে নামে এক ভিন্ন চেহারার মায়ামি। ম্যাচের ৪৭তম মিনিটে সেগোভিয়ার গোলে সমতায় ফেরে দলটি। এরপর ৫৪তম মিনিটে মেসিকে ফাউল করেন পোর্তোর রদ্রিগো মোরা। আর সেই ফাউলের ফলেই আসে ম্যাচের নির্ধারক মুহূর্ত। দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়ান মেসি, আর সেই গোলেই জয় নিশ্চিত হয় তার দলের।
এই গোলের মাধ্যমে ফ্রি-কিকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৬৮-তে। তালিকায় তার উপরে রয়েছেন কেবল পেলে (৭০ গোল) ও জুনিনিও (৭৭ গোল)। পাশাপাশি, ফিফার আয়োজিত প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ গোলের মালিকও মেসি।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরেস। উল্লেখ্য, প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে ড্র করেছিল মেসির দল।