শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলানাঈমের ফাইফার, শান্ত-মুশফিকের দৃঢ়তায় এগিয়ে টাইগাররা

নাঈমের ফাইফার, শান্ত-মুশফিকের দৃঢ়তায় এগিয়ে টাইগাররা

favicon
ভোরের আলো ডেস্ক:
নাঈমের ফাইফার, শান্ত-মুশফিকের দৃঢ়তায় এগিয়ে টাইগাররা

গলের টেস্টে নাটকীয় চতুর্থ দিনের শেষে বড় লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ৩ উইকেটে করেছে ১৭৭ রান। ফলে এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ১৮৭ রানে। অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত (৫৬) ও মুশফিকুর রহিম (২২)।


শনিবার (২১ জুন) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে ম্যাচের ফলাফল কারও পক্ষে না যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এখনো সাত উইকেট হাতে রয়েছে টাইগারদের এবং লিড প্রায় দুইশোর কাছাকাছি।


বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করবে না যতক্ষণ না তারা নিরাপদ অবস্থানে পৌঁছায়। তাই অনেকেই মনে করছেন, ম্যাচটি ড্র হতে চলেছে।


এর আগে, তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার আগ্রাসী ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা জয়ের লক্ষ্যেই খেলছে। তবে চতুর্থ দিনে পালটে যায় দৃশ্যপট। দিনের শুরুতেই ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে ম্যাচে ফেরান নাঈম হাসান ও হাসান মাহমুদ।


এরপর কামিন্দু মেন্ডিস ও রত্নানায়েকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে কিছুটা চাপে ফেললেও লাঞ্চের পরপরই লঙ্কানরা ধসে পড়ে। মাত্র ১৪ রানের ব্যবধানে হারায় শেষ ৬ উইকেট। প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট খেলা নাঈম হাসান তুলে নেন ৫ উইকেট।


মেন্ডিসের ৮৭ রানে ভর করে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারায় ৪৮৫ রানে। ফলে মাত্র ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।


তবে শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৪ রানে আউট হন এনামুল হক বিজয়, আর অভিজ্ঞ মুমিনুল হক ফেরেন ১৪ রানে।


চাপে পড়া টাইগারদের ঘুরে দাঁড়াতে সহায়তা করেন সাদমান ইসলাম। তার দায়িত্বশীল ৭৬ রানের ইনিংসে প্রাথমিক বিপর্যয় সামাল পায় বাংলাদেশ।


দিনশেষে শান্তর ফিফটি ও মুশফিকের অভিজ্ঞতায় ভর করে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে টাইগাররা। লিড দাঁড়ায় ১৮৭ রানে। পঞ্চম দিনে বাংলাদেশ আরও কিছু রান যোগ করে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে চাইবে।