বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতি“বিএনপির দম ফুরিয়ে আসছে”—গোলাম মাওলা রনির কড়া মন্তব্য

“বিএনপির দম ফুরিয়ে আসছে”—গোলাম মাওলা রনির কড়া মন্তব্য

favicon
ভোরের আলো ডেস্ক:
“বিএনপির দম ফুরিয়ে আসছে”—গোলাম মাওলা রনির কড়া মন্তব্য

বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানকে দুর্বল ও দিশাহীন আখ্যা দিয়ে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, “বিএনপির দম ফুরিয়ে আসছে।”


শুক্রবার (২৭ জুন) এক আলোচনায় তিনি বলেন, “বিএনপির ঘন ঘন চীন সফর, এদিক-ওদিক ছোটাছুটি এবং রাজনীতির বিভিন্ন জটিলতায় তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।”


রনি আরও বলেন, “বর্তমানে রাজনীতিতে একটি মানসিক যুদ্ধ চলছে— বিএনপির সঙ্গে জামায়াত, জামায়াতের সঙ্গে অন্যান্য দলগুলোর। এদিকে ড. ইউনূসের সঙ্গে রাষ্ট্রের শীর্ষ মহলগুলোর মধ্যেও একটি মানসিক দূরত্ব পরিলক্ষিত হচ্ছে।”


তিনি দাবি করেন, “এখন যে নতুন রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে, যাদের ‘কিংস পার্টি’ বলা হচ্ছে— তাদের একটি বড় অংশ প্রক্সি হিসেবে সরকারের তৈরি করা। এদের মধ্যে কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, কেউ আবার ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। এদের মাধ্যমে নীরব চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি চালানো হচ্ছে— যা সরাসরি নয়, বরং পর্দার আড়ালে আরও ভয়াবহ।”


রনি বলেন, “এই রাজনৈতিক পটপরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ড. ইউনূস এবং তার ঘনিষ্ঠরা। এরপর ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি ও জামায়াত। আমি জামায়াত বা সরকারের ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু যেহেতু আমি বিএনপির প্রার্থী ছিলাম, তাই তাদের বিষয়েই বলছি।”


তিনি স্মরণ করিয়ে দেন, “২০২৪ সালের ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর পর বিএনপি দিশেহারা হয়ে পড়ে। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে সংগ্রাম করেও শেষমেশ ব্যর্থ হয়। এরপর যখন আন্দোলনের পেছনে নিজেদের অবদান তুলে ধরতে চায়, তখনও তা যথেষ্ট ফলপ্রসূ হয়নি। বরং জামায়াত দ্রুত সেই শূন্যস্থান পূরণ করে।”


তিনি বলেন, “সরকার কৌশলে বিএনপির কিছু নেতাকে টেন্ডার, ইজারা, নিয়োগের মাধ্যমে বড়শিতে আটকায়। এরপর থেকেই দলটির অনেক শীর্ষ নেতৃবৃন্দ কার্যত সরকারের প্রভাবাধীন হয়ে পড়ে এবং নিজেরাই নিজেদের রাজনীতিকে দুর্বল করে তোলে।”


চীন সফর প্রসঙ্গে রনি বলেন, “বিএনপির নেতারা এখন যাকে তাকে বিশ্বাস করে ছুটে যাচ্ছে। চীন সফর করে কী লাভ হবে তা কেউ জানে না। চীন তো বিএনপিকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় আসতে হলে রাজপথে কাজ করতে হবে, টেকনাফ থেকে সিলেট, কক্সবাজার থেকে ঢাকার হাট-বাজারে যেতে হবে। না হলে ‘বেইজিংয়ে গিয়েই নির্বাচনে অংশ নিতে হবে, ঢাকায় নয়।’”


গোলাম মাওলা রনি তাঁর বক্তব্যে শেষ করে বলেন, “এই যে তারা ঘন ঘন বাইরে যাচ্ছে, এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে— বিএনপির রাজনৈতিক দম এখন অনেকটাই নিঃশেষ হয়ে যাচ্ছে।