রিয়ালের রেকর্ডে আরেক যোগ, য়্যুভেন্তাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলো ম্যাচে য়্যুভেন্তাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন গঞ্জালো গার্সিয়া। জাবি আলোনসোর শিষ্যদের দারুণ দলীয় পারফরম্যান্সে টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা পা রাখলো শেষ আটে।
প্রথমার্ধে দু’দলই সমানতালে লড়লেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তারা ২২টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। অপরদিকে, য়্যুভেন্তাস মাত্র ৬টি শট নিতে পারে এবং একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের চাপ আরও বাড়ে। ম্যাচের ৫৪ মিনিটে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে গার্সিয়ার দুর্দান্ত হেডে রিয়াল এগিয়ে যায়। এর পর সমতায় ফেরার জন্য বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় য়্যুভেন্তাস।
ম্যাচের একেবারে শেষদিকে মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির জোর দাবি জানায় য়্যুভেন্তাস। তবে রেফারি কোনো সাড়া না দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইতালিয়ান জায়ান্টদের।