কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল ছত্রভঙ্গ করলো পুলিশ
রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত দুই বিডিআর সদস্য। তিন দফা দাবি আদায়ে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'র দিকে যাত্রা শুরু করেছিলেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে রওনা হন আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছানোর পর পুলিশ তাদের আটকে দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকাল থেকে আন্দোলনকারীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই নির্দেশনা অমান্য করেই তারা যমুনার দিকে পদযাত্রা শুরু করেছিল, তাই ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাকরিচ্যুত এসব বিডিআর সদস্যদের দাবিগুলোর মধ্যে রয়েছে— চাকরিতে পুনর্বহাল, মামলা প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণ।