বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমজাতীয়চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) এক সতর্কবার্তায় এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।


আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ু চাপের পার্থক্য বেড়ে গেছে। এর ফলে সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বইছে। এই পরিস্থিতিতে সমুদ্রবন্দরের জন্য মঙ্গলবার জারি করা সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে।


এছাড়া, দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতেও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকাসহ বিভিন্ন মহানগরে অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।


এদিকে, উত্তাল সাগরে নিরাপত্তার স্বার্থে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।