বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: দ্বিতীয় দিনের বৈঠক শেষে কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেল

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: দ্বিতীয় দিনের বৈঠক শেষে কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেল

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: দ্বিতীয় দিনের বৈঠক শেষে কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেল

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক সম্পন্ন হয়েছে।


শুক্রবার (১১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি, শুল্ক কাঠামো ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ মোটামুটি একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে।


তৃতীয় দিনের বৈঠক শুক্রবার সকাল ৯টায় (ওয়াশিংটন সময়) অনুষ্ঠিত হবে, যেখানে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


দ্বিতীয় দিনের আলোচনার অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল—বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন–এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ার–এর একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে আলোচনা হয়।


বাণিজ্য উপদেষ্টা বৈঠকে বলেন, বাংলাদেশ কেবল রপ্তানি বাড়াতে নয়, বরং যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণও বাড়াতে চায় এবং ইতিমধ্যেই তা শুরু হয়েছে। শুল্ক ব্যবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা জানানো হয়।


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব বিষয়ে গ্রিয়ার সহযোগিতার আশ্বাস দেন।


বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন।