অজ্ঞাত ফোনে বোমার তথ্য, বাংলাদেশ বিমানের ফ্লাইটে তল্লাশি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা হুমকির কারণে বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে উড়োজাহাজে বোমা থাকার আশঙ্কা জানানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। খবর পাওয়ার পরপরই বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে উড়োজাহাজ ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলে।
পরবর্তীতে বিমানবাহিনী, এপিবিএন-এর ডগ স্কোয়াড এবং র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করে। উড়োজাহাজের ভেতর, লাগেজ এবং যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা স্ক্রিনিং করা হচ্ছে।
সকল যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে সরিয়ে লাউঞ্জে নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।