আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যা মামলায় ১২ আসামি ট্রাইব্যুনালে
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ আটজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
একইদিন আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও সুজনসহ আরও চারজন আসামিকেও ট্রাইব্যুনালে তোলা হয়।
রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় আসামিদের আদালতে আনা হয়।
এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে ১৯ জুন।
এদিকে, আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৬ জনই পলাতক। গত বৃহস্পতিবার বিশেষ ট্রাইব্যুনাল-২ পলাতক আসামিদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
আজ রোববার এ মামলার পলাতক আসামিদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।