দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মুনজেল বহিষ্কৃত
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) অনৈতিক সম্পর্কের অভিযোগে দল থেকে আজীবন বহিষ্কৃত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুনজেলকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চর দেশগ্রামে এক প্রবাসীর বাড়ি থেকে মুনজেলকে আটক করে গ্রামবাসী। পরে তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রাত ২টার দিকে এলাকাবাসী মুনজেলকে ওই নারীর বাড়ি থেকে আটক করে। পরে দুজনেই অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।"
এদিকে প্রবাসী স্বামী জানিয়েছেন, তিনি ওই নারীকে আর সংসারে নেবেন না। অন্যদিকে দলীয়ভাবে মুনজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।