টানা জয় ধরে রাখতে আজ মাঠে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের শেষ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়, ঢাকার বসুন্ধরার কিংস অ্যারেনায়।
এদিন সন্ধ্যা ৭টায় আরেক ম্যাচে নেপাল মুখোমুখি হবে শ্রীলংকার।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভুটান কখনোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনদের দলের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ভুটান।
গত বছর অনূর্ধ্ব-২০ আসরেও ভুটানকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা।
২০২৩ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিল আকলিমা-শামসুন্নাহাররা। সেই দলের সদস্য শামসুন্নাহার এখনো আছেন স্কোয়াডে এবং নিয়মিত গোলও করছেন।
এই আসরেও জয়ের ধারা ধরে রেখেছে আফঈদা খন্দকাররা। শ্রীলংকার পর নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আজ ভুটানের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় দলটি।
ক্যাপ্টেন আফঈদা বলেন, "নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তা পেয়েছি। সবাই সুইমিং করে ক্লান্তি দূর করেছি। ভুটানের বিপক্ষে কোচ পিটার বাটলারের পরিকল্পনা অনুযায়ী খেলবো।"
দলের ম্যানেজার মাহমুদা অনন্যা জানান, "দলের সবাই সুস্থ। কিছু ইনজুরি থাকলেও তা গুরুতর নয়। ফিজিও কাজ করছেন। আশা করি মেয়েরা ভুটানের বিপক্ষে ভালো পারফর্ম করবে।