সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে তারেক রহমানের শোক
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবারের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৮ জুলাই) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল মান্নান তালুকদার নিজ এলাকায় একজন জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অটল ছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাস করতেন।
তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি জনসেবার মহান উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতেন এবং সংসদ সদস্য থাকাকালে নিজ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, "তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"
প্রসঙ্গত, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১টায় ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।