সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু, সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মঞ্চে আসতে শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় মঞ্চে উপস্থিত হন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
মঞ্চে উঠে তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানান। এছাড়া সমাবেশের শান্তিপূর্ণ সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেন। জানান, দুপুর ২টা থেকে জাতীয় নেতারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন।
এদিন সাংস্কৃতিক পর্ব শুরুর কথা ছিল সকাল ১০টায়। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই, সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এই পর্ব পরিচালনা করছেন সাইফুল্লাহ মানসুর।
সমাবেশ ঘিরে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই জাতীয় সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে উদ্যানের ভেতর। বাইরে অবস্থান করছে আরও হাজার হাজার নেতাকর্মী।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। তাদের হাতে শোভা পাচ্ছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। কেউ টি-শার্ট, কেউ পাঞ্জাবিতে দলীয় মনোগ্রাম পরে যোগ দিয়েছেন সমাবেশে।
শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ছিল এমন দৃশ্য।