"নারীর ভূমিকা অপরিহার্য, ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ হতে হবে" — তারেক রহমান
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একজন মায়ের দৃষ্টিতে বাংলাদেশ যেমন হওয়া উচিত, সেই বাংলাদেশ গড়তেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী শক্তিকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র সামনে এগোতে পারে না। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও নারীদের দৃশ্যমান ভূমিকা ছিল।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে তারেক রহমান জানান, বর্তমান বাস্তবতায় দেশের নারীরা অর্থনৈতিক দিক থেকে এখনও অনেকটাই পিছিয়ে। বিএনপি ক্ষমতায় এলে নারী শিক্ষা, স্বাবলম্বীতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেবে।
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে, যা তাদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করবে।