ইসলামী আন্দোলন ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ উদযাপন করবে
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ, আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যতে দেশকে যেকোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার সংকল্প নিয়ে দিবসটি উদযাপিত হবে।
দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বক্তব্য রাখবেন।
দুপুর ১২টায় গণমিছিল শুরু হবে এবং বিকেল আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাগরিবের পর মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়াও, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শায়খ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরামরা।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ ব্যবস্থাপনায় এই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।