রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন না ছাত্র ফেডারেশন ও হান্নান মাসউদ

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন না ছাত্র ফেডারেশন ও হান্নান মাসউদ

favicon
অনলাইন সংস্করণ
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন না ছাত্র ফেডারেশন ও হান্নান মাসউদ

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন।


মঙ্গলবার রাত ২টার দিকে একটি ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানের দাওয়াত পেয়েছি। কিন্তু শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে আমন্ত্রণ জানাতে পারেনি। হয়তো কিছু চেয়ার থাকবে, কিন্তু শহীদ পরিবারের কিংবা সাহসী আন্দোলনকারীদের জন্য সেই চেয়ারগুলো থাকবে না।’


তিনি আরও বলেন, ‘যারা জীবন বাজি রেখে এই আন্দোলন চালিয়েছেন, তাদের সম্মান না দিলে আমি এই অনুষ্ঠানে অংশ নেব না।’


অন্যদিকে, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সোমবার রাত ১০টায় জানান, তার সংগঠনও অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।


তিনি বলেন, ‘এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। আহত এবং শহীদ পরিবারের উপযুক্ত সম্মান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের এই উদযাপনের নৈতিক অধিকার আমরা স্বীকার করি না।’


তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাই ঘোষণাপত্র বিষয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনাই করেনি এবং কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীকেই নেতৃত্ব হিসেবে তুলে ধরে অন্যদের প্রতি অবিচার করেছে, যা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে।


ছাত্র ফেডারেশন দাবি করে, তারা ছিল জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অন্যতম।