নির্বাচন ঘোষণায় সন্তুষ্ট বিএনপি, ড. ইউনূসকে ধন্যবাদ
জুলাই ঘোষণাপত্র এবং আসন্ন নির্বাচনের সময়সূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি রাখায় তাকে ধন্যবাদও জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ড. ইউনূসের ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার নির্বাচন কমিশনে চিঠি দেয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে চলমান দ্বিধা-দ্বন্দ্ব দূর হবে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা কমবে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানে এর উপযুক্ত স্থান নিশ্চিত করা হবে। জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়ায় আমরা কৃতজ্ঞ—এটি ছিল আমাদের বহুদিনের প্রাণের দাবি। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য আইনি ও রাষ্ট্রীয় সহায়তার প্রতিশ্রুতিও আমরা সাধুবাদ জানাই।”
তিনি জানান, ঐক্যমতের ভিত্তিতে খুব শিগগিরই “জুলাই সনদ” স্বাক্ষরিত হবে।
এদিকে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তার ভাষণে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে যেন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগেই, জাতীয় নির্বাচন আয়োজন করা হয়।