শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › নির্বাচনে অংশ নিয়ে বেআইনি কিছু করিনি: জাতীয় পার্টির চুন্নু

নির্বাচনে অংশ নিয়ে বেআইনি কিছু করিনি: জাতীয় পার্টির চুন্নু

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনে অংশ নিয়ে বেআইনি কিছু করিনি: জাতীয় পার্টির চুন্নু

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তারা কোনো বেআইনি কাজ করেননি। তবে রাজনৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকলে, সে জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।


শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখেন তিনি।


চুন্নু বলেন, “দলীয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে আমরা কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, তা হলে এই কাউন্সিলের মঞ্চ থেকেই আমি জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাই।”


তিনি আরও বলেন, “গত চার বছর আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক পথে থাকতে পারিনি, তবে আমাদের উদ্দেশ্য কখনোই অশুভ ছিল না।”


চুন্নু অভিযোগ করে বলেন, “বিভিন্ন সময় বিভিন্ন দল আমাদের কটাক্ষ করেছে, স্বৈরাচার সহযোগী বলেছে। কিন্তু আমরা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতি করার চেষ্টা করেছি।”


জাতীয় পার্টিকে ‘আধুনিক গণতান্ত্রিক দল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সব রাজনৈতিক দলের প্রতি আমাদের অনুরোধ, আমাদের শান্তিপূর্ণ রাজনীতির পথে সহযোগিতা করুন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে নিয়ম-কানুন মেনে আমরা এগিয়ে যেতে চাই।