বিএনপি নেতা ফজলুর রহমান শোকজ নোটিশ হাতে পেয়েছেন, দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, তিনি দলের দেওয়া শোকজ নোটিশের নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেবেন এবং দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেবেন।
রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে বার্তাবাহকের মাধ্যমে তিনি নোটিশটি হাতে পান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ফজলুর রহমান বলেন,
“আমি নোটিশের জবাব দেব। দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেটি আমি মাথা পেতে নেব।”
তিনি অভিযোগ করেন, রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু যুবক-যুবতী স্লোগান দিচ্ছেন, যা তাকে মবের শিকারে পরিণত হওয়ার শঙ্কা তৈরি করেছে।
“আমার দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য নয়। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এ বিষয়ে আমি কোনো আপস করব না,” বলেন তিনি।
এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এদিকে সোমবার সকাল থেকে সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন তার ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। তারা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।