কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও ছেলেকে হাতুড়িপেটা
ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী ও তার ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে শহরের কলেজ রোড এলাকায়। বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সুনিল সাহা ও তার ছেলে শোভন সাহা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, সুনিল সাহার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জেসন এগ্রোর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন যুবক এসে চালকের কাছে চাঁদা দাবি করে। চালক রাজি না হলে তাদের সঙ্গে তর্কবিতর্ক হয় এবং একপর্যায়ে তারা চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়।
ঘটনা দেখে শোভন সাহা এগিয়ে গেলে ওই যুবকরা তাকে মারধরের চেষ্টা করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি মিমাংসা করলে তারা সরে যায়। তবে কিছুক্ষণ পর তুহিন নামে এক যুবকের নেতৃত্বে ৫–৭ জন আবার ফিরে এসে হাতুড়ি দিয়ে শোভনের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও হাতুড়িপেটা করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে সুনিল সাহাকেও মারধর করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।