সুনামগঞ্জে র্যাবের অভিযানে ১৭৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে ১৭৩ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার মানারগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩২)। তিনি জালালপুর গ্রামের মজুমদার আলীর ছেলে।
র্যাবের তথ্য অনুযায়ী, হাবিবুর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে বিদেশি মদ দেশে এনে সুনামগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক হাবিবুর এবং জব্দ করা মদ আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।